তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার ১ কোটি ২ লক্ষ টাকা! টাকা রাখা নিয়ে বিস্ফোরক দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি দলীয় কার্যালয় থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। টাকার উৎস নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, তখনই মুখ খুললেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, পরিকল্পিত ভাবে ওই টাকা সেখানে রাখা হয়েছিল। গোটা ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন তিনি।বুধবার সরিষার একটি তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি চালিয়ে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার সাংবাদিক বৈঠক করে এই খবর জানান। জানা গিয়েছে, ওই পার্টি অফিসটি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের।টাকা উদ্ধারের ঘটনা সামনে আসতেই সমাজমাধ্যমে নিজের বক্তব্য জানান অভিষেক। তাঁর দাবি, প্রায় ছমাস আগে বিজেপির দুষ্কৃতীদের হামলায় ওই জায়গায় ভাঙচুর হয়েছিল। পরবর্তী সময়ে পুলিশি তদন্তে জায়গাটিকে অপরাধস্থল হিসেবে চিহ্নিত করা হয়। তাঁর অভিযোগ, সেই জায়গাতেই পরিকল্পনা করে ভুয়ো এবং জাল প্রমাণ রাখা হয়েছে।অভিষেকের বক্তব্য, এর পিছনে উদ্দেশ্য হল ন্যায়বিচারের পথে বাধা তৈরি করা এবং পুলিশি তদন্তকে প্রভাবিত করা। পাশাপাশি আইন ও প্রশাসনকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।এই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদেরও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর বক্তব্য, যাঁরা এই ষড়যন্ত্রের পরিকল্পনা করেছেন এবং যাঁরা তাঁদের নির্দেশে কাজ করেছেন, তাঁদের প্রত্যেককে দায় নিতে হবে। প্রমাণ জাল করা, তদন্তে বাধা দেওয়া কিংবা ক্ষমতার অপব্যবহারের মতো কাজের জন্য কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।অভিষেক আরও জানিয়েছেন, রাজনৈতিক মদত, সরকারি পদ কিংবা পুলিশের ক্ষমতা ব্যবহার করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবেন, এমনটা ভাবার কোনও কারণ নেই।পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করার পরেই এই বিপুল পরিমাণ টাকার বিষয়ে তথ্য পান তদন্তকারীরা। সেই সূত্র ধরেই সরিষার ওই পার্টি অফিসে তল্লাশি চালানো হয়। তার পরেই উদ্ধার হয় নগদ টাকা। তবে এই টাকার উৎস কী এবং কী কারণে এত টাকা সেখানে রাখা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।অন্যদিকে, এই ঘটনা নিয়ে অভিষেককে নাম না করে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, উদ্ধার হওয়া এই টাকা খুব বেশি কিছু নয়। হয়তো ভুল করে ওই টাকা সেখানে রেখে যাওয়া হয়েছিল। পাশাপাশি, বেনামে জমি কেনার অভিযোগও তুলেছেন তিনি।সব মিলিয়ে ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে কোটি টাকার বেশি নগদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। একদিকে অভিষেকের ষড়যন্ত্রের অভিযোগ, অন্যদিকে শুভেন্দুর পাল্টা কটাক্ষ। উদ্ধার হওয়া টাকার উৎস এবং এর পিছনে আসল ঘটনা কী, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।

